আমার আমি

কতদিন আমি আমার হইনা

কতদিন আমি’ আমি হয়ে করিনা উদযাপন

কতদিন আমি সভ্যতার টানাপোড়েন ছেড়ে

করিনা নিজেকে সম্পূর্ণ।

আজ কতদিন হয়ে গেছে

নিজের মতো করে পোশাক পরিনা

কতদিন হলো আমি আমার ভাষায়

ভাব করিনা ব্যক্ত।

কতদিন হলো

আমি হৃদয় তাড়িত কান্না নিয়ে

আমার প্রেয়সীকে বলিনা “ভালোবাসি”।

কতদিন তাকিয়ে সৃষ্টির সবচেয়ে মিষ্টি সৌন্দর্য উপভোগ করিনা।

তবু আজও আমি দীপ্ত, সুপ্ত ও অবারিত।

তাই আজও আশা বেঁধে

চাষ করি নিজের প্রকৃতিকে।

খুলে দেই মননের অভ্যন্তরে

এতোদিনের জমে থাকা টগবগে লাভা।

কতদিন আমি’ আমি হইনা।

কতদিন হলো আমি আমার মতো করে নিজেকে দেখি না

এই আমি কি আমার আমি?

নাকি সভ্যতায় তাল মেলানোর

এক সুগঠিত যন্ত্রবিশেষ?

কতদিন হলো আমি প্রশ্ন করিনা নিজেকে

আমি কি ভালো আছি?

আমার সময় কি নিমেষেই কাটে?

নাকি দায়িত্ব নামক সফটওয়ারে বিদ্ধ

এক আধুনিক প্রযুক্তি সৃষ্ট কিংকর্তব্যবিমুঢ় একজন নামেই?

অতপর, আমি সাহিত্যের রূপক (আয়রনি) হয়ে বেঁচে থাকি

প্রাত্যহিক আমি হেটে চলে বেড়াই

তবে যেন অনুৎসাহিত, বিষন্ন ও শক্তিহীন হয়ে।

কতদিন আমি আমার মতো করে মানুষের সাথে মিশি না

কতদিন কারো কথায় দ্বিমত পোষণ করতে গিয়েও থেমে যাই প্রুফ্রক হয়ে।

কতদিন শুধু সামাজিক ও মানসিক ব্যক্তিত্য ধরে রাখার তাগিদে

নিজেকে মেরে চলেছি।

তবে, কার দ্বায়ে সেটা?  জানা নেই!

তবে আমি নিজেকে নিয়ে চিন্তিত

আমি নিজেকে হারিয়ে ফেলেছি হয়তো আধুনিকতার অধুনা সংগ্রামে।

অথবা, হয়তো এ পৃথিবী প্রতিটা আমিকে হত্যা করে

গড়ে তোলে মানুষ নামের মেশিন।

তারিখ: ডিসেম্বর ৩১, ২০২৫

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse